জহিরুল হক, বরগুন:
বরগুনা জেলা বিএনপি অফিস ভাংচুর ও অগ্নিযোগ মামলায় ১২ জন আইনজীবীর জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণর নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার বরগুনার জেলা ও দায়রা জজ মো: সাইফুর রহমান এ আদেশ দিয়েছেন। আইনজীবীরা হলো, বরগুনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবুল বারি আসলাম, মো. মজিবর রহমান, মো. হুমায়ুন কবির, মো. নুরুল ইসলাম, মো. মজিবুল হক, হুমায়ুন কবির পল্টু, জুনায়েত হোসেন জুয়েল, আবদুল্লাহ আল মামুন, ইমরান হোসাইন, সাইমুল ইসলাম রাব্বি, আবদুর রহমান জুয়েল ও আমিরুল ইসলাম মিলন। এ তথ্য নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর মো: নুরুল আমীন।
মামলা সূত্রে জানা যায়, বরগুনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলামের ছেলে এসএম নঈমুল ইসলাম ২০২৩ সালের ১৭ মার্চের ঘটনা দেখিয়ে দুই বছর পরে চলতি বছরের ৩০ এপ্রিল বরগুনা সদর থানায় আসামীদের বিরুদ্ধে একটা মামলা দায়ের করেন। তিনি অভিযোগ করেন ওই দিন বেলা ১১ টায় বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী ধীরেন্দ্র দেবনাথ শমভু, সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর কবীর, সাবেক এমপি গোলাম সরোয়ার টুকু, সাবেক এমপি শওকত হাচানুর রহমান রিমনের নেতৃত্বে ১৫৮ জন আওয়ামী লীগের নেতা কর্মিরা বরগুনা জেলা বিএনপি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ করে ৯ লাখ ৪৫ হাজার টাকার ক্ষতি সাধন করে।
আসামীরা হাই কোর্ট থেকে চলতি বছরের ২ জুলাই ৮ সপ্তাহের আগাম জামিন পেয়ে ২১ জুলাই বরগুনার জেলা ও দায়রা আদালতে জামানত নামা দাখিল করেন। হাই কোর্টের জামিনের মেয়াদ শেষ হবার আগে ২৪ জুলাই আসামীরা আবার একই আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক নথি তলব দিয়ে জামিন শুনানীর জন্য রাখেন। মঙ্গলবার আসামিরা আদালতে হাজির হয়ে জামিন শুনানী করলে আদালত জামিন নামঞ্জুর করে ১২ জন আইনজীবীকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) আলহাজ মো. নুরুল আমীন বলেন, ‘আসামিরা বিএনপি অফিসে হামলা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি ভাঙচুর এবং বিস্ফোরকদ্রব্য ব্যবহার সংক্রান্ত মামলার আসামি। বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। আদালত সব বিবেচনায় জামিন না দিয়ে তাদের জেলহাজতে প্রেরণের আদেশ দেন।’
আসামী পক্ষের আইনজীবী মো: আবদুল মোতালেব মিয়া, মো: হাবিবুর রহমান বলেন, আমরা আবার একই আদালতে জামিনের আবেদন করব। আসামীরা কোর্ট অফিসার। তারা প্রতিনিয়ত কোর্টে থাকেন। তাদের পলাতক হবার কোনো সম্ভাবনা নেই। তা ছাড়া দুই বছর পূর্বের একটি মামলা। আইনজীবীদের মধ্যে অনেকে আওয়ামী লীগের সদস্যও নয়। তাদেরও আসামী করা হয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫ । ৪:২৯ অপরাহ্ণ