বরগুনায় জমি সংক্রান্ত বিরোধে সাংবাদিকসহ আহত ১০

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ । ৬:৫৯ অপরাহ্ণ

জহিরুল হক:

বরগুনায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকসহ উভয় পক্ষের দশ জন আহত হয়েছে। আহতদের মধ্যে সাংবাদিকের বাবা এবং ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের ধুপতি এলাকায় ঘটনা ঘটে।

প্রত্যাক্ষদর্শীরা জানায়, বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের ধুপতি গ্রামের ইউপি সদস্য কুদ্দুস মীরের পক্ষের সাথে ওই এলাকার সাংবাদিক জামাল মীর পরিবারের দীর্ঘদিনের জমিজমা নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে বিরোধপূর্ণ জমিতে জোর করে চাষাবাদ করতে গেলে বাধা দেন সাংবাদিক জামাল মীরের বাবা, মা ও ভাই । এসময় উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্র ও লাঠিসোটা নিয়ে একে অপরের উপর হামলা চালায়।

হামলায় জামাল মীরের বাবা, মা ও ভাই ও অপর পক্ষের ৬-৭ জন আহত হন। পরে ঘটনাস্থলে পৌঁছালে সাংবাদিক জামাল মীরও প্রতিপক্ষদের হামলার শিকার হন। আহতদের বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সাংবাদিক জামালের বাবা ও ভাইয়ের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াকুব হোসাইন বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষ মামলা দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যে এক পক্ষের তিনজনকে গ্রেফতার করেছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন