ভুয়া আন্তর্জাতিক অ্যাওয়ার্ড তৈরি করে নিজেই গ্রহণ করেছেন ডা. এন আই ফারুকী এমন অভিযোগ বিভিন্ন সামাজিক সংগঠনের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ । ২:৩১ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি:

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ডা. এ কে এম নজরুল ইসলাম ফারুকী (সি.ই.ও, আর এম আধুনিক হাসপাতাল, মোড়েলগঞ্জ, বাগেরহাট)–এর একটি “INTERNATIONAL ICONIC EXCELLENCE GOLD AWARD–2025” গ্রহণের খবর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে সংশ্লিষ্ট বেশ কয়েকটি সংগঠনের একাধিক কর্তৃপক্ষের দাবি, এই অ্যাওয়ার্ডটি কোনো স্বীকৃত আন্তর্জাতিক সংস্থা বা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রদান করেনি,বরং নিজ উদ্যোগে তৈরি করা একটি ভুয়া সম্মাননা বলে গুরুতর অভিযোগ উঠেছে।
তাদের অভিযোগ, মালদ্বীপের মালে শহরে একটি পাঁচতারকা হোটেলে সাউথ এশিয়া ডেভেলপমেন্ট কাউন্সিল নামের যে সংগঠনের মাধ্যমে অ্যাওয়ার্ড প্রদানের দাবি করা হয়েছে ওই সংগঠনের অস্তিত্ব, নিবন্ধন ও কার্যক্রম সম্পর্কে কোনো প্রমাণযোগ্য তথ্য পাওয়া যায়নি। ফলে পুরো আয়োজনের সত্যতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে।
এছাড়া অনুষ্ঠানটিতে দক্ষিণ এশিয়ার ২০টি দেশের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতির কথাও যাচাইযোগ্য কোনো সূত্রে পাওয়া যায়নি, যা সন্দেহ আরও ঘনীভূত করেছে। সংগঠনের কিছু কর্তৃপক্ষের অভিযোগ এটি ছিল নিজেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেখানোর উদ্দেশ্যে সাজানো ব্যক্তিগত আয়োজন।
তাদের বক্তব্য,এটি কোনো অনুমোদিত আন্তর্জাতিক অ্যাওয়ার্ড নয়। এমন কোনো সংস্থা তাকে এ সম্মাননা দেয়নি; তিনি নিজেই পুরস্কার তৈরির মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছেন। বিষয়টি নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ । একই সঙ্গে দাবি উঠেছে,ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। ডা. ফারুকীর পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন