বরিশালের বানারীপাড়ায় ভয়াবহ ভূমিকম্পে বসতবাড়ি নদীতে বিলীন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ । ১০:১৪ পূর্বাহ্ণ

হুমায়ুন কবির, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়া উপজেলায় শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে দেশজুড়ে অনুভূত শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে উত্তর নাজিরপুর গ্রামে একটি বসতবাড়ি সম্পূর্ণভাবে সন্ধ্যা নদী গর্ভে তলিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাইশারী ইউনিয়নের উত্তর নাজিরপুর গ্রামের ব্যবসায়ী আবু বকর ঘরামীর টিনকাঠের ঘর, আশপাশের অনেক গাছপালা এবং কয়েক শতক জমিসহ পুরো বসতভিটা মুহূর্তের মধ্যে নদী ভাঙনের কবলে পড়ে বিলীন হয়ে যায়। দ্রুত ভাঙনের কারণে ঘটনাস্থলটিতে আতঙ্ক তৈরি হলেও সৌভাগ্যবশত ওই সময় ঘরটির ভেতরে কেউ না থাকায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।

ভূমিকম্পের প্রভাবে একই এলাকার বানারীপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক এবং প্রতিবেশী মাহাতাব ফকিরের বাড়ির একাংশও নদী ভাঙনের ক্ষতির শিকার হয়েছে।

হঠাৎ ঘটে যাওয়া এ নদী ভাঙন এবং ভূমিকম্পের উৎপাতে পুরো বানারীপাড়াবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘরবাড়ি থেকে বেরিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। স্থানীয়রা নদী তীরবর্তী এলাকায় জরুরি ভিত্তিতে ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন