হুমায়ুন কবির:
বরিশালের বানারীপাড়ায় শিশুদের ঝগড়া ও পূর্ব শত্রুতার জের ধরে কামড় দিয়ে এক নারীর হাতের আঙুল বিচ্ছিন্ন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় মামলা দায়েরের পর পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।
গত ১৮ নভেম্বর সকালে বানারীপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এই নৃশংস ঘটনা ঘটে। মামলার বাদী ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার হান্নান হাওলাদারের স্ত্রী মেহেরেনা বেগমের সঙ্গে একই বাড়ির জিল্লুর রহমানের স্ত্রী রুমা ও তার পরিবারের দীর্ঘদিনের বিরোধ চলছিল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১ নম্বর বিবাদী রুমার ছেলে রাফসান প্রায়ই বাদী মেহেরেনার মেয়ের ঘরের নাতি জিসানকে মারধর ও কামড়াত। বিষয়টি জিসানের মা সুমাইয়া খানম জেনি বিবাদী রুমাকে জানালে তিনি উল্টো গালিগালাজ করতেন।
গত ১৮ নভেম্বর সকালে বিবাদী রুমা তার ছেলেকে নিয়ে যাওয়ার সময় ধাক্কা লেগে জিসান পড়ে গিয়ে ব্যথা পায়। এ সময় মেহেরেনা বেগম রুমাকে একটু সাবধানে চলাফেরা করতে বললে রুমা ক্ষিপ্ত হয়ে ওঠেন। বাকবিতণ্ডার একপর্যায়ে রুমা মেহেরেনার চুলের মুঠি ধরে বেধড়ক মারধর শুরু করেন।
মায়ের ওপর হামলা দেখে মেয়ে সুমাইয়া খানম জেনি মাকে বাঁচাতে এগিয়ে আসেন। এ সময় কিছু বুঝে ওঠার আগেই রুমা জেনির ডান হাতের শাহাদাত আঙুলে কামড় দিয়ে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। জেনির আর্তচিৎকারে অন্য বিবাদীরা এসে মা ও মেয়েকে আরও মারধর করে এবং তাদের স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জেনির আঙুল বিচ্ছিন্ন হওয়া এবং জখমের গুরুত্ব দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় মেহেরেনা বেগম বাদী হয়ে বানারীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় জিল্লুর রহমানের স্ত্রী রুমা, দুলাল হাওলাদারের ছেলে রিয়ান, দুলালের স্ত্রী হাজেরা বেগম ও জব্বার হাওলাদারের ছেলে দুলাল হাওলাদারকে নামীয় এবং অজ্ঞাতনামা আরও ৫/৭ জনকে আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩৫৪/৩৭৯/৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
বানারীপাড়া থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে এবং আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠিয়েছে।
এদিকে, মামলার বাদী মেহেরেনা বেগম জানান, আসামিপক্ষের লোকজনের ভয়ে বর্তমানে তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও পরিবারের নিরাপত্তা দাবি করেছেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ । ৮:৩২ অপরাহ্ণ