বানারীপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫ । ১২:৩২ পূর্বাহ্ণ

হুমায়ুন কবির:

বরিশালের বানারীপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ উপলক্ষে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত এ বর্ণাঢ্য মেলায় আধুনিক প্রযুক্তি, উপকরণ এবং উন্নত জাতের গবাদিপশুসহ মোট ৩৫টি স্টল স্থাপন করা হয়। নতুন উদ্যোক্তা ও তরুণ খামারিদের আকর্ষণীয় উদ্ভাবন সমৃদ্ধ এসব স্টল দর্শনার্থীদের নজর কাড়ে।

বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুম বিল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. প্রনব দত্ত, প্রেসক্লাব সভাপতি সাইদুল ইসলাম, সরকারি বন্দর মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন নাহার, তরুণ ছাত্রনেতা মোঃ সাব্বির হোসেন, শিক্ষক ও উদ্যোক্তা আরিফুল ইসলাম,সাংবাদিক সাইফুল ইসলাম মিয়া সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, খামারি ও শিক্ষার্থীরা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের কৃষিভিত্তিক অর্থনীতিতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উন্নত জাতের গরু, মহিষ, ছাগল, হাঁস-মুরগি পালনের মাধ্যমে দুধ, মাংস ও ডিম উৎপাদন বৃদ্ধি করা গেলে গ্রামীণ অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য হ্রাসে বড় অবদান রাখা সম্ভব। নিরাপদ, আধুনিক এবং প্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনায় সবার দক্ষতা বাড়ানোর আহ্বান জানান তারা।

প্রদর্শনীতে বিভিন্ন জাতের গবাদিপশু, পোল্ট্রি, ডেইরি পণ্য, পশুখাদ্য, ভ্যাকসিন, রোগ প্রতিরোধ কর্মসূচি, আধুনিক খামার ব্যবস্থাপনা কৌশলসহ নানাবিষয়ক কার্যক্রম তুলে ধরা হয়। উদ্যোক্তারা তাদের স্টলে দর্শনার্থীদের পণ্য, প্রযুক্তি ও খামার ব্যবস্থাপনার বিস্তারিত ধারণা দেন।

আয়োজকদের মতে, এ ধরনের প্রদর্শনী নতুন উদ্যোক্তা তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করবে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সঙ্গে এ আয়োজনকে সফল করতে সহযোগিতা করে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন