হুমায়ুন কবির:
বরিশালের বানারীপাড়ায় মাহেন্দ্র-আলফা দুর্ঘটনায় মীর তারিকুল ইসলাম তারেক (৩২) নামের এক তরুণ ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার চাখার–গুয়াচিত্রা সড়কের মুন্সিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তারেক বানারীপাড়া পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের মীর বাড়ির বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে মুদি-মনোহারী ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। এছাড়া তিনি বানারীপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মীর সহিদুল ইসলামের চাচাতো ভাই।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়—শনিবার সকাল ৯টার দিকে চাখার থেকে মাহেন্দ্র-আলফা গাড়িতে বাড়ির উদ্দেশ্যে রওনা হন তারিকুল ইসলাম। পথিমধ্যে মুন্সিবাড়ি এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি অচেতন হয়ে পড়ে যান।
স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসকরা জানান, গুরুতর মাথা আঘাত ও মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
এরপর সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হঠাৎ এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন—কিছুক্ষণ আগেই ছেলেকে দেখে বাড়ি ফেরার পথে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫ । ১১:৩০ অপরাহ্ণ