হুমায়ুন কবির, বানারীপাড়া প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের বড়বাড়ির পূর্বপাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি দোকান ও মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে গেছে। বুধবার (৮ এপ্রিল) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকানের মালিক কালাম বিশ্বাস জানান, প্রতিদিনের মতো ভোরে দোকান খুলতে এসে তিনি দেখতে পান দোকানে আগুন জ্বলছে। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে আগুনে পুরো দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় তার প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে একটি মোটরসাইকেলও সম্পূর্ণ পুড়ে গেছে।
দোকান মালিকের দাবি, অগ্নিকাণ্ডের সময় এলাকায় বিদ্যুৎ সংযোগ ছিল না। ফলে এটি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘটেনি বলে তিনি মনে করছেন। ঘটনাটিকে তিনি পরিকল্পিত ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা ও ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন।
ঘটনার খবর পেয়ে বানারীপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ । ৪:৪২ অপরাহ্ণ