বানারীপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে গৃহবধূ নিহত, শিশুপুত্র গুরুতর আহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২ মে, ২০২৬ । ৯:২৪ অপরাহ্ণ

হুমায়ুন কবির, বানারীপাড়া প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে ইয়াসমিন (৩৩) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার ৭ বছর বয়সী ছেলে জিসান গুরুতর আহত হয়েছে। শনিবার (২ মে) দুপুরে আকস্মিক কালবৈশাখী ঝড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে হঠাৎ শুরু হওয়া প্রবল কালবৈশাখী ঝড়ের সময় উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামের রংমিস্ত্রি সোহেলের টিন ও কাঠের তৈরি ঘরের ওপর একটি বৃহৎ চাম্বুল গাছ ভেঙে পড়ে। এতে মুহূর্তেই ঘরটি বিধ্বস্ত হয়ে যায়। ঘরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন গৃহবধূ ইয়াসমিন। এসময় তার শিশু ছেলে জিসান গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহত জিসানকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার চিকিৎসা চলছে।
খবর পেয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিকভাবে দুই প্যাকেট খাদ্যসামগ্রী ও মরদেহ দাফন-কাফনের জন্য ১৫ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে পরবর্তীতে আরও সহযোগিতা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
ঘটনার পর বানারীপাড়া থানা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিকে, হৃদয়বিদারক এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের মাঝে গভীর শোক ও সহমর্মিতার সৃষ্টি হয়েছে।
অন্যদিকে, আকস্মিক এ কালবৈশাখী ঝড়ে চাখারসহ উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা, পানের বরজ, পেঁপে বাগান এবং কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন