যানজট নিরসনে ট্রাফিক বিভাগকে ঢেলে সাজানোর দাবি পদোন্নতি বঞ্চনায় ক্ষোভ, দক্ষ জনবলের সংকটে ট্রাফিক ব্যবস্থাপনা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ মে, ২০২৬ । ৩:২৯ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি:

দেশের ক্রমবর্ধমান যানজট নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের ট্রাফিক বিভাগকে ঢেলে সাজানোর দাবি উঠেছে। সংশ্লিষ্টদের মতে, বর্তমান ট্রাফিক ব্যবস্থায় দক্ষ জনবলের ঘাটতি দীর্ঘদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে ট্রাফিক বিভাগে কর্মরত সহকারী টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) ও টাউন সাব-ইন্সপেক্টর (টিএসআই) পদমর্যাদার সদস্যদের পদোন্নতি বৈষম্য নিয়ে তীব্র ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রায় ৪ হাজার এএসআই (নিরস্ত্র) শূন্য পদ সৃষ্টি করা হয়। এর মধ্যে ২ হাজার পদ বিভাগীয় পদোন্নতির মাধ্যমে পূরণ করা হয়েছে এবং বাকি ২ হাজার পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এছাড়া বর্তমান সরকারের আমলে আরও ৪ হাজার এসআই সরাসরি নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।
অন্যদিকে, একই সময়ে কনস্টেবল থেকে এটিএসআই পদে উত্তীর্ণ ৫৫৯ জন সদস্য দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন। বাংলাদেশ পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত এটিএসআই এবং টিএসআই সদস্যদের অভিযোগ, বাহিনীর অন্যান্য পদে পদোন্নতির হার সন্তোষজনক বা প্রায় শতভাগ হলেও এই দুটি পদে পদোন্নতির হার অত্যন্ত নগণ্য।
২০২৪-২০২৫ সালের পরিসংখ্যান অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের আমলে নতুন ২ হাজার এএসআই (নিরস্ত্র) শূন্য পদ সৃষ্টি সাপেক্ষে কনস্টেবল ও নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) পদে শতভাগ পদোন্নতি দেওয়া হয়েছে। একইভাবে নায়েক থেকে এএসআই (সশস্ত্র) পদেও শতভাগ পদোন্নতি সম্পন্ন হয়েছে। এছাড়া বাহিনীর অন্যান্য পদেও তুলনামূলক সন্তোষজনক হারে পদোন্নতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
তবে একই সময়ে এটিএসআই পদে পরীক্ষায় উত্তীর্ণ ৫৫৯ জন এবং টিএসআই পদে উত্তীর্ণ ৬০ জন সদস্যের কারোরই পদোন্নতি হয়নি বলে অভিযোগ উঠেছে। তথ্যমতে, এ সময় এটিএসআই পদে মাত্র ৩০ জন এবং টিএসআই পদে মাত্র ৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে, যা মোট উত্তীর্ণ সদস্যদের তুলনায় অত্যন্ত সামান্য।
সংশ্লিষ্টরা মনে করছেন, দক্ষ ও অভিজ্ঞ ট্রাফিক সদস্যদের যথাযথ মূল্যায়ন ও পদোন্নতি নিশ্চিত করা গেলে দেশের ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর ও গতিশীল হবে। একই সঙ্গে যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনসেবার মান উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন