ঝালকাঠি কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে জলবায়ু বিষয়ক কর্মশালা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ । ৭:০৬ অপরাহ্ণ

মোঃ আল মাশরাফি:

আজ ৬ আগস্ট ঝালকাঠি কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ইয়ুথ ক্লাইমেট ক্লাবের সদস্যদের অংশগ্রহণে যুব সৃজনশীল সমাধান অনুসন্ধান কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইয়ুথনেট গ্লোবালে’র উদ্যোগে আয়োজিত এ কর্মশালার লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা এবং তাদের নেতৃত্ব, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা বিকাশে সহায়তা করা।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক সুজিত কুমার। এ ছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ইয়ুথ ক্লাইমেট ক্লাবের দুইজন শিক্ষক উপদেষ্টা এবং ইয়ুথনেট গ্লোবালের বিভাগীয় সমন্বয়কারী সাজিদ মাহামুদ। কর্মশালায় ক্লাবের ৩০ জন পরিবেশসচেতন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, খরা, জলোচ্ছ্বাস, নদীভাঙনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা ও ক্ষয়ক্ষতি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এসব সংকট দেশের অর্থনীতি, সমাজ, শিক্ষা ব্যবস্থাসহ মানুষের সামগ্রিক জীবনযাত্রায় বিরূপ প্রভাব ফেলছে। বিশেষ করে শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী না হলেও এর বহুমাত্রিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
এই প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনজনিত সামাজিক ঝুঁকি ও সংঘাত মোকাবিলায় শিক্ষার্থীদের নেতৃত্ব, সৃজনশীলতা এবং উদ্ভাবনী সক্ষমতাকে কাজে লাগানোর লক্ষ্যে ইয়ুথনেট গ্লোবাল ‘ইয়ুথ ক্লাইমেট অ্যাকশন ফর পিস’ উদ্যোগ বাস্তবায়ন করছে।
উদ্যোগটির আওতায় আয়োজিত কর্মশালায় শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তনের কারণ, স্থানীয় পর্যায়ে এর প্রভাব এবং সামাজিক ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতি সম্পর্কে ধারণা লাভ করে। দলীয় আলোচনা ও অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে তারা স্থানীয় জলবায়ুজনিত বিভিন্ন সমস্যা চিহ্নিত করে এবং সেগুলো মোকাবিলায় সৃজনশীল, বাস্তবসম্মত ও পরিবেশবান্ধব সমাধান তৈরি ও উপস্থাপন করে।
প্রধান অতিথির বক্তব্যে সুজিত কুমার বলেন, আজকের এই কর্মশালা শিক্ষার্থীদের শুধু জলবায়ু পরিবর্তন ও সৃজনশীল চিন্তা সম্পর্কে জানতে সহায়তা করবে না একই সঙ্গে তাদের নেতৃত্ব, কথা বলার দক্ষতা এবং দায়িত্বশীল ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক আরিফুর রহমান শুভ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তরুণদের শুধু সচেতন করাই যথেষ্ট নয় তাদের নেতৃত্ব, সৃজনশীলতা এবং স্থানীয় সমস্যা সমাধানের সক্ষমতাও গড়ে তুলতে হবে। ইয়ুথ ক্লাইমেট অ্যাকশন ফর পিস উদ্যোগের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের নিজ নিজ এলাকার জলবায়ুজনিত সমস্যা চিহ্নিত করা এবং বাস্তবসম্মত ও পরিবেশবান্ধব সমাধান উদ্ভাবনে সম্পৃক্ত করছি।
পর্যায়ক্রমে ঝালকাঠি জেলার সকল স্কুল ও কলেজে এ ধরনের কর্মশালা আয়োজনের মাধ্যমে আরও বেশি শিক্ষার্থীকে জলবায়ু কার্যক্রমের সঙ্গে যুক্ত করা হবে।
ইয়ুথনেট গ্লোবালের বিভাগীয় সমন্বয়কারী সাজিদ মাহামুদ বলেন, ৩০ জন উদ্যমী ও পরিবেশসচেতন শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব শিক্ষার্থীদের বর্তমান ও ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলছে, যা একটি ন্যায়সংগত পৃথিবী গড়ে তোলার পথে বড় বাধা। ইয়ুথ ক্লাইমেট ক্লাবের সদস্যদের সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী ধারণা বিকশিত করার মাধ্যমে আমরা তাদের পরিবেশবান্ধব, দায়িত্বশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছি।
ইয়ুথনেট গ্লোবাল জানিয়েছে ইয়ুথ ক্লাইমেট অ্যাকশন ফর পিস উদ্যোগের আওতায় পর্যায়ক্রমে ঝালকাঠি জেলার বিভিন্ন স্কুল ও কলেজে এ কর্মশালা আয়োজন করা হবে। এর মাধ্যমে জেলার আরও বেশি শিক্ষার্থীকে জলবায়ু পরিবর্তনের প্রভাব শান্তি নেতৃত্ব এবং সৃজনশীল সমাধান উদ্ভাবনের বিষয়ে সম্পৃক্ত করা হবে।
কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা, দলগত কাজ, নেতৃত্ব, যোগাযোগ এবং সৃজনশীল সমস্যা সমাধানের দক্ষতা বিকাশের সুযোগ সৃষ্টি হয়। কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা বিদ্যালয় ও স্থানীয় পর্যায়ে পরিবেশবান্ধব কার্যক্রম বাস্তবায়ন এবং জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করে।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন