লালপুরে গোপালপুর ডিগ্রি কলেজ পরিদর্শনে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন​

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৯ আগস্ট, ২০২৬ । ১০:৫৬ অপরাহ্ণ

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর ডিগ্রি কলেজ পরিদর্শন ও শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন (পুতুল)।​কলেজে পৌঁছালে রোভার স্কাউটসের একটি চৌকস দল বর্ণাঢ্য ডিসপ্লে ও কুচকাওয়াজের মাধ্যমে তাঁকে সম্মানজনক ‘গার্ড অব অনার’ প্রদান করে। পরে পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে দিতে প্রতিমন্ত্রী কলেজ প্রাঙ্গণে ‘মিয়াজাকি’ ও ‘বানানা’ জাতের দুটি বিরল ও উন্নত জাতের আমের চারা রোপণ করেন।​পরিদর্শন শেষে কলেজের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন শিক্ষার গুণগত মান উন্নয়নের পাশাপাশি দেশকে এগিয়ে নিতে তরুণ সমাজকে বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে আত্মনিয়োগ করার আহ্বান জানান।​গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: বাবুল আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও গোপালপুর পৌরসভার সাবেক মেয়র মো: নজরুল ইসলাম।​সভায় অন্যান্যদের মধ্যে লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-সহ এলাকার স্থানীয় রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন