মোঃআইয়ুব আলী:
নাটোরের লালপুর উপজেলার শালেশ্বর যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী শনিবার (১৫ আগস্ট) সম্পন্ন হয়েছে। জনাব মো: সাজেদুর রহমানের (সাজু) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব মো: জিল্লুর রহমান।টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব মো: আসলাম আলী। এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন এবি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আকসেদ আলী, বিএনপি নেতা জনাব মো: মানিক মন্ডল এবং জনাব জুননুন রোমিও। পুরো খেলাটি দক্ষতার সাথে সঞ্চালনা করেন জনাব মো: হান্নান।ফাইনাল খেলায় টানটান উত্তেজনার মধ্য দিয়ে শালেশ্বর যুব সমাজ ১-০ গোলে ঈশ্বরদী যুব সমাজকে পরাজিত করে শিরোপা জয়ের গৌরব অর্জন করে। খেলা দেখতে মাঠে হাজার হাজার ক্রীড়ামোদী দর্শকের সমাগম ঘটে, যা পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি আলহাজ্ব মো: জিল্লুর রহমান তাঁর বক্তব্যে বলেন, “যুবসমাজকে মাদক ও নানা অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সঠিক ও সুস্থ ধারায় ফিরিয়ে আনতে খেলাধুলার কোনো বিকল্প নেই।” তিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে মরহুম আরাফাত রহমান কোকোর অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের জন্য স্থানীয় তরুণ ও আয়োজকদের ধন্যবাদ জানান।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ । ৯:৩০ পূর্বাহ্ণ