লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নুরুল্লাপুর এলাকায় এক আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে লালপুর ফায়ার সার্ভিসের কর্মীদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তৎপরতার সঙ্গে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের দ্রুত ও কার্যকর পদক্ষেপের কারণে আগুন আশেপাশে ছড়িয়ে পড়তে পারেনি এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।ঘটনার খবর পেয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-এর নির্দেশনায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)। তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে অগ্নিকাণ্ডের ভয়াবহতা ও ক্ষয়ক্ষতির রূপ পর্যালোচনা করেন।পরিদর্শন শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনাকবলিত পরিবারগুলোর মাঝে তাৎক্ষণিকভাবে জরুরি ত্রাণ হিসেবে শুকনো খাবার বিতরণ করা হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সঠিক তালিকা প্রস্তুত করার কাজ চলছে। তালিকা তৈরি শেষে সরকারি তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় ঘরবাড়ি পুনর্নির্মাণ ও আর্থিক সহায়তা প্রদান করা হবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ । ১০:১০ অপরাহ্ণ