লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে এক নারী উদ্যোক্তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি, কুপ্রস্তাব এবং পরবর্তীতে চাঁদা না পেয়ে তার আবাদি জমির দুই লাখ টাকার ফসল ও গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুই স্থানীয় বিএনপি কর্মীর বিরুদ্ধে।
এ ঘটনায় ২১ আগস্ট (বৃহস্পতিবার) ভুক্তভোগী নারী শাহনাজ বেগম লালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযুক্তরা হলেন উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের আহমেদপুর মালিপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা আনসার আলীর ছেলে মো. আশিক হোসেন এবং জহির উদ্দিনের ছেলে মো. বুলন হোসেন।ভুক্তভোগী শাহনাজ বেগম জানান, আশিক ও বুলন বিএনপি কর্মী পরিচয়ে দীর্ঘদিন ধরে তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে শারীরিক সম্পর্কের কুপ্রস্তাব দেন। এতেও রাজি না হওয়ায় তারা ভুক্তভোগীকে নানাভাবে ভয়ভীতি ও সন্ত্রাস সৃষ্টি করে আসছিলেন। একপর্যায়ে বিষয়টির সমাধান চেয়ে তিনি মামলা করার প্রস্তুতি নিলে আশিকের বাবা স্থানীয়ভাবে এটি সমাধানের কথা বলেন, কিন্তু পরে কোনো সমাধান হয়নি।অভিযোগে উল্লেখ করা হয়, গত ২১ আগস্ট সকাল আনুমানিক ৬টার দিকে অভিযুক্তরা বেপরোয়া হয়ে শাহনাজ বেগমের জমিতে ঢুকে প্রায় ১০টি আমগাছ, ২টি মেহগনি গাছ, ২০০টি জ্বালানি গাছ, ১০০টি শিমগাছ, ১৫০টি মরিচগাছ এবং ৫০টি কলাগাছ কেটে ফেলেন। এতে তার আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে অভিযুক্ত মো. আশিক হোসেন সমস্ত বিষয় অস্বীকার করে বলেন, “আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। প্রতিপক্ষের লোকজন গাছ কাটার ঘটনা ঘটিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করতে পারে।”লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “ভুক্তভোগী নারী এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ । ৭:৫৪ অপরাহ্ণ