নারায়ণগঞ্জ চাষাঢ়ায় গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ । ৫:৪৩ অপরাহ্ণ

মোঃ জসীম উদ্দিন, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ চাষাঢ়ায় গুলিবিদ্ধ ও ছুরিকাহত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত একটার দিকে পৌর হকার্স মার্কেটের পেছনের গলি থেকে মরদেহটি উদ্ধারের কথা জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান।
নিহতের নাম শুভ দাস (৩০)। নিহত শুভ চাঁদপুরের মতলব দক্ষিণ থানার মতলব বাজার এলাকার হরি চন্দ্র দাসের ছেলে।
তিনি নারায়ণগঞ্জ নগরীর গলাচিপা এলাকায় বিশার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, প্রথমে নিহতের পরিচয় জানা না গেলেও তথ্যপ্রযুক্তির সহায়তায় পরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, হকার্স মার্কেটের পেছনে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. কাজল মিয়া ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
পুলিশ জানায়, নিহতের বুকে গুলির আঘাত রয়েছে। তবে শরীরে কয়টি গুলি লেগেছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, নিহতের কাছ থেকে ইয়াবা পাওয়া গেছে। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসার বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তবে কীভাবে শুভ দাস গুলিবিদ্ধ হলেন, কারা তাঁকে হত্যা করেছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ কী—এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছেন সদর থানার ওসি সাজেদুর রহমান।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন