বরগুনার পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের তিন ভাই

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৯ মার্চ, ২০২৫ । ১১:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

বরগুনার পাথরঘাটায় বাসের চাপায় মোটরসাইকেলের আরোহী তিন ভাই নিহত হয়েছেন। আজ শনিবার সকাল পৌনে ৮টার দিকে পাথরঘাটা উপজেলার সোনার বাংলা এলাকায় পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন ভাই হলেন মো. নাঈমুজ্জামান খান ওরফে শুভ (২২), মো. শান্ত খান (১৪) ও মো. নাদিম খান (৮)। তাঁরা পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের বাইশকুড়া গ্রামের মো. নাসির উদ্দিন খানের ছেলে।

স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাথরঘাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজীব পরিবহনের বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলে করে তিন ভাই খালার বাড়িতে ঈদের উপহার নিয়ে যাচ্ছিলেন। তিন ভাই ঘটনাস্থলেই মারা যান। রাজীব পরিবহনের চালক পালিয়ে গেলেও ওই বাসের সুপারভাইজার সোহেল রানা ও সহযোগী চালককে পুলিশ আটক করেছে। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, লাশ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন