বিশেষ প্রতিবেদক:
আজকের এই দিন, এই তারিখ, এই সময়—সবই ফিরে আসে বুকের ভেতর হাহাকার নিয়ে। ঠিক এক বছর আগে আজকের এই দিনে রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকা শহরের রাস্তাঘাট। বৈষম্য, দুর্নীতি আর ফ্যাসিস্ট দুঃশাসনের বিরুদ্ধে দেশের লাখো ছাত্র-জনতার উত্তাল ঢেউয়ে প্রাণ দিয়েছিলেন গোপালগঞ্জের মেধাবী কিশোর, শহীদ জিল্লুল শেখ (১৭)।
২০০৭ সালের ২ ফেব্রুয়ারি জন্ম নেওয়া এই তরুণ ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের গর্বিত সন্তান। আফতাব নগরের ইম্পেরিয়াল কলেজের একাদশ শ্রেণির এই ছাত্র ছিলেন ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার সুঠাম দেহের অধিকারী, স্বপ্নভরা চোখের এক সাহসী কিশোর। তার সহপাঠী ও শিক্ষকদের কাছে ছিলেন বিনয়ী, দায়িত্বশীল এবং অন্যায়ের প্রতিবাদী কণ্ঠস্বর।
২০২৪ সালের ১৮ জুলাই জোহরের নামাজের আগে, মায়ের কাছ থেকে নামাজ পড়ার কথা বলে ঘর থেকে বের হয়েছিল জিল্লুল। মায়ের অজান্তেই তা হয়ে গেলো তার শেষ বিদায়। ১৬ জুলাই শহীদ আবু সাঈদের রক্তে ভিজে যাওয়া মাটির শপথ নিয়ে, রামপুরা ব্রিজ থেকে ব্র্যাক ইউনিভার্সিটি বাড্ডা শাখার মধ্যবর্তী এলাকায় বন্ধুদের নিয়ে আন্দোলনের সম্মুখভাগে অবস্থান নেয় জিল্লুল।
সেদিন হাজার হাজার ছাত্র-জনতার ভিড়ের মধ্যে পুলিশের লাঠিচার্জ ও গুলির মুখে অন্যরা যখন পিছু হটছিল, তখন জিল্লুল সামনে এগিয়ে এসে শহীদ আবু সাঈদের নাম ধরে চিৎকার করে বলেছিল, “আবু সাঈদ ভাই, আমি আসছি!” আর ঠিক তখনই ফ্যাসিস্ট সরকারের নির্দেশে পুলিশের গুলি তার বুকে বিদ্ধ হয়। বিশাল দেহ লুটিয়ে পড়ে রাস্তায়, গুলির আঘাতে ক্ষতবিক্ষত দেহ থেকে রক্তের ধারা বইতে থাকে। বন্ধুরা তাকে দ্রুত হাসপাতালে নিলেও ততক্ষণে তার নিথর দেহে প্রাণ ছিল না।
ঠিক এক বছর পার হয়ে গেল আজ। পরিবারে শোকের মাতম এখনো থামেনি। তার মায়ের চোখে এখনো অশ্রু, তার বাবার কণ্ঠে শূন্যতা। বন্ধুরা আজও রাস্তায় দাঁড়িয়ে শ্লোগান দেয়, “জিল্লুল ভাই, তোমার রক্ত বৃথা যেতে দেব না।”
শহীদ জিল্লুল শেখের আত্মত্যাগ আমাদের স্মরণ করিয়ে দেয়, এ দেশ নতুন করে গড়তে হলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয় বুক পেতে। তার রক্তে রঞ্জিত এই মাটি আজো প্রশ্ন করে, “কবে আসবে সেই বৈষম্যহীন বাংলাদেশ, যেখানে কোনো মায়ের কোল খালি হবে না অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে?”
শহীদ জিল্লুল শেখ এখন একটি নাম নয়, একটি অনন্ত স্পিরিট। বৈষম্যবিরোধী এই লড়াইয়ে নতুন প্রজন্মকে সামনে এগিয়ে যেতে, সত্য ও ন্যায়ের পক্ষে লড়াই করতে তার আত্মাহুতি চিরদিন প্রেরণা হয়ে থাকবে।
জাতি তোমাকে ভুলেনি, জিল্লুল। তোমার রক্তের ঋণ আমরা শোধ করবো বৈষম্যহীন বাংলাদেশের পথে হেঁটে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ । ১২:০৩ অপরাহ্ণ