বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের কুলশী থানাধীন হোপ রাইজ স্কুলে সুবিধাবঞ্চিত কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও পুষ্টিকর খাবার বিতরণ করেছে মানবসেবায় নিবেদিত সংগঠন গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন।
শিক্ষা,মানবতা ও সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়া এই সংগঠনের উদ্যোগে শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের ঝলক,ভরে ওঠে বিদ্যালয়ের আঙিনা উৎসবের আমেজে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ মিরাজ হোসেন। তিনি বলেন,
শিক্ষা শুধু একটি অধিকার নয়,এটি প্রতিটি শিশুর ভবিষ্যতের আলো। সমাজের এই অবহেলিত শিশুরাই একদিন আমাদের দেশের গর্ব হয়ে উঠবে, যদি আমরা একটু ভালোবাসা ও সুযোগ দিতে পারি।
এসময় উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা, স্থানীয় পৃষ্ঠপোষক,সমাজসেবক এবং গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের চট্টগ্রামের সেচ্ছাসেবক আরিফ ও তুহিন।
বক্তব্যে শিক্ষকরা জানান,হোপ রাইজ স্কুল সম্পূর্ণভাবে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক পরিবারের শিশুদের জন্য প্রতিষ্ঠিত। সমাজের নানা শ্রেণি পেশার মানুষ ও সংগঠনের সহযোগিতায় পরিচালিত হচ্ছে স্কুলটি,যেখানে শিক্ষকরা বিনা বেতনে শিশুদের আলোর পথে এগিয়ে নিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
এই দিনে স্কুলের সকল সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় খাতা,কলম, পেন্সিল,কাটার,রাবার সহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ। পাশাপাশি শিশুদের মাঝে বিতরণ করা হয় পুষ্টিকর খাবার।
পুরো অনুষ্ঠানজুড়ে শিশুদের হাসি,উচ্ছ্বাস ও কৃতজ্ঞতার প্রকাশ যেন এক অনন্য মানবতার দৃশ্য তৈরি করে।
গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিরাজ হোসেন আরও বলেন,
আমরা বিশ্বাস করি মানবতার সেবাই আমাদের পরিচয়। সমাজের পিছিয়ে পড়া প্রতিটি মানুষের পাশে দাঁড়ানোই গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য। আমরা চাই,সবাই মিলে এমন একটি সমাজ গড়তে,যেখানে কোনো শিশুই শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ । ৬:০০ অপরাহ্ণ