বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ অভিভাবক ফোরামের নেতৃবৃন্দ সারাদেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন।
এক বিবৃতিতে ফোরামের আহবায়ক মোহাম্মাদ আল-আমীন রাসেল ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন আকাশ বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত নির্বাচিত কমিটি থাকলে জবাবদিহিতা নিশ্চিত হয়, স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় থাকে এবং শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হয়।”
তাঁরা আরও বলেন, বর্তমানে অধিকাংশ প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে অ্যাডহক কমিটি বা প্রশাসনিক নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা দায়িত্ব পালন করছেন, যা প্রাতিষ্ঠানিক কার্যক্রমে স্থবিরতা সৃষ্টি করছে। তাই সরকারের সদিচ্ছা থাকলে নভেম্বর মাসের মধ্যেই নির্বাচন সম্পন্ন করা সম্ভব।
বিবৃতিতে নেতৃবৃন্দ জানান, ইতোমধ্যে অধিকাংশ প্রতিষ্ঠানে ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। শুধুমাত্র তফসিল ঘোষণা করা হলে ১৫ দিনের মধ্যেই নির্বাচন আয়োজন করা সম্ভব।
বাংলাদেশ অভিভাবক ফোরামের পক্ষ থেকে বলা হয়, নভেম্বর মাসের মধ্যেই দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন আয়োজন করা এখন সময়ের দাবি। এতে করে শিক্ষা প্রতিষ্ঠানে জবাবদিহিতা নিশ্চিত হবে, শিক্ষার মান উন্নত হবে এবং অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি পাবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫ । ৯:০৩ পূর্বাহ্ণ