বানারীপাড়ায় সম্পত্তির লোভে সৎমার ওপর সন্ত্রাসী হামলা, গ্রেফতার ১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫ । ১২:৪৭ পূর্বাহ্ণ

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডে সৎ মা বিধবা লাভলী বেগমকে বসতবাড়ি থেকে উচ্ছেদ করে সম্পত্তি দখলের উদ্দেশ্যে সন্ত্রাসীদের দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে তার সৎ ছেলে মোঃ শাহজামান খান তুহিনের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর দুপুর দেড়টার দিকে লাভলী বেগম বাসায় রান্নার কাজ করছিলেন। এসময় সৎ ছেলে তুহিন (৫০), তার স্ত্রী পারুল বেগম (৪২), আবুল হোসেন (৪৫), শাবানা বেগম (৩৮), আহাদ (২৮), সনিয়া খানম (৩০)সহ অজ্ঞাত আরও ৪-৫ জনের একটি সন্ত্রাসী দল ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার বাড়িতে হামলা চালায়। তারা অকথ্য ভাষায় গালাগাল করে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেয়।

লাভলী বেগম ও তার মেয়ে লিমা আক্তার প্রতিবাদ করলে তাদের ওপর হামলাকারীরা অতর্কিতে চড়াও হয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে লাভলী বেগমকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয়। সন্ত্রাসীরা তার গলায় থাকা স্বর্ণের চেইন, আলমারিতে রাখা ৮০ হাজার ৭৫০ টাকা লুট করে এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা মা–মেয়েকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় পরদিন ১৮ নভেম্বর লাভলী বেগম বানারীপাড়া থানায় তুহিনসহ মোট ৬ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলার ৩নং আসামী আবুল হোসেনকে ২২ নভেম্বর সকালে পৌরসভার ৪নং ওয়ার্ড থেকে পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

প্রসঙ্গত, গত ১৯ জুলাইও তুহিন তার ভাড়াটিয়া সন্ত্রাসী আবুল হোসেনের মাধ্যমে লাভলী বেগমের বিরুদ্ধে বরিশাল আদালতে একটি মামলা করেন। তদন্তে মামলাটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন প্রমাণিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রয়াত প্রকৌশলী শাহজাহান খান রাজধানীর শ্যাওরাপাড়ায় বসবাস করতেন এবং বেশ কয়েকটি বাড়ি, দোকানসহ কোটি টাকার সম্পদের মালিক ছিলেন। প্রথম স্ত্রীর সন্তানরা বাবার প্রতি উদাসীন থাকায় অসুস্থ শাহজাহান খান আত্মীয়স্বজনদের পরামর্শে দ্বিতীয় বিবাহ করেন। কিন্তু স্বামীর মৃত্যু পর লাভলী বেগমকে বিভিন্নভাবে হয়রানি, নির্যাতন ও মৃত্যুর হুমকিতে রাখা হয়।

আইন অনুযায়ী স্বল্প অংশের সম্পত্তি পেলেও কোটি টাকার মালিক হওয়ার কথা ছিল দ্বিতীয় স্ত্রী লাভলী বেগমের। কিন্তু বর্তমানে তার মাথা গোঁজার একমাত্র আশ্রয় বানারীপাড়ার এই বসতবাড়িটিই তার জীবনের জন্য হুমকিতে পরিণত হয়েছে।

অভিযোগ রয়েছে—তুহিনের বাসায় অবস্থানরত ভাড়াটে সন্ত্রাসীরা নিয়মিত তাস খেলাসহ মাদক ব্যবসায় জড়িত। কিছু দিন আগে ওই বাড়ির সামনে থেকে দুই মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করে ডিবি পুলিশ।

লাভলী বেগম ও তার মেয়ের নিরাপত্তা এখন স্থানীয় প্রশাসনের জরুরি দৃষ্টি দাবি করছে।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন