বানারীপাড়া( বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার বাজারে অবৈধভাবে সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক দোকানিকে জরিমানা ও বিপুল পরিমাণ সার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে চাখার বাজারের খুচরা সার, বীজ ও কীটনাশক বিক্রির দোকান নাজ সীড স্টোর থেকে খলিল মাঝি নামের এক ব্যক্তির কাছে একসঙ্গে ৪০ বস্তা টিএসপি সার অবৈধভাবে বিক্রির অভিযোগ ওঠে। অভিযোগ পাওয়া যায় যে, এসব সার পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার দাসেরহাট এলাকায় পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।
ঘটনার সত্যতা যাচাই করে বানারীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিএমএ মুনীর এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এসময় দোকানের স্বত্বাধিকারী হুমায়ুন তালুকদারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিক্রির জন্য প্রস্তুত রাখা ৪০ বস্তা টিএসপি সার জব্দ করা হয়।
অভিযানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও চাখার ইউনিয়ন পরিষদের প্রশাসক তনয় সিংহ উপস্থিত ছিলেন।
জব্দ করা সারের বস্তাগুলো পরবর্তী ব্যবস্থা না দেওয়া পর্যন্ত চাখার ইউনিয়ন পরিষদে সংরক্ষণ করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং অবৈধ সার বাণিজ্যের বিরুদ্ধে প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫ । ১১:৩২ অপরাহ্ণ