জ্ঞানের বাতিঘর কিংবদন্তি শিক্ষক আব্দুল মান্নান স্যারের মৃত্যুতে বানারীপাড়ায় শোকের ছায়া

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ । ১২:০৭ অপরাহ্ণ

হুমায়ুন কবির, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি :

বরিশালের বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, বরেণ্য শিক্ষাগুরু আব্দুল মান্নান আর নেই। বুধবার (২১ জানুয়ারি) ভোর রাত ৩টা ৪০ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মরহুমের মৃত্যুতে বানারীপাড়াজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বিষয়টি নিশ্চিত করে তাঁর জ্যেষ্ঠ পুত্র, বানারীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক শোকবার্তায় এ তথ্য জানান।
প্রয়াত আব্দুল মান্নান ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের একজন প্রথিতযশা শিক্ষক ও দক্ষ পথপ্রদর্শক। শিক্ষকতা জীবনে তিনি শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানই দেননি, বরং নৈতিকতা, মানবিকতা ও আদর্শ মানুষ হওয়ার শিক্ষা দিয়ে অসংখ্য শিক্ষার্থীর জীবন আলোকিত করেছেন। তাঁর জ্ঞান, নিষ্ঠা ও স্নেহপূর্ণ আচরণ শিক্ষার্থীদের হৃদয়ে স্থায়ী ছাপ রেখে গেছে।
ব্যক্তিজীবনে তিনি ছিলেন সদালাপী, বিনয়ী ও মিষ্টভাষী। শ্রেণিকক্ষের বাইরেও তিনি শিক্ষার্থীদের একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করেছেন। সমাজ ও শিক্ষা উন্নয়নে তাঁর অবদান স্থানীয়ভাবে আজও স্মরণীয়।
এই গুণী শিক্ষকের ইন্তেকালে শিক্ষাঙ্গনসহ পুরো বানারীপাড়া যেন একজন অভিভাবককে হারাল। তাঁর বিদায়ে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয় বলে মনে করছেন শিক্ষার্থী, সহকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আজ বুধবার বাদ আসর তাঁর দীর্ঘদিনের কর্মস্থল বানারীপাড়া হাইস্কুল প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হবে।
মরহুমের মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষকসমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন