হুমায়ুন কবির:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-২ (উজিরপুর ও বানারীপাড়া) সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতায় থাকা প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী গণসংযোগ ও প্রচার-প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকেই প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় নেমে ভোটারদের সঙ্গে মতবিনিময়, পথসভা ও গণসংযোগে অংশ নেন।
এই আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—
বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এস. সরফুদ্দিন আহমেদ সান্টু,
জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল মান্নান,
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ নেছার উদ্দীন,
বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত মোটরগাড়ি প্রতীকের প্রার্থী মো. আবুল কালাম আজাদ,
জাতীয় পার্টি (জেপি) মনোনীত বাইসাইকেল প্রতীকের প্রার্থী আব্দুল হক,
জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী এম. এ. জলিল,
গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী রঞ্জিত কুমার বাড়ৈ
এবং ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত আম প্রতীকের প্রার্থী সাহেব আলী।
প্রচারণার প্রথম দিনেই বিভিন্ন এলাকায় প্রার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে তারা নিজ নিজ নির্বাচনী অঙ্গীকার ও পরিকল্পনা তুলে ধরেন।
উজিরপুর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা জানান, বরিশাল-২ আসনের সার্বিক নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠু রয়েছে। প্রার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বজায় রয়েছে এবং সবাই নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
তিনি আরও বলেন, আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো প্রার্থী বা সমর্থক নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, বরিশাল-২ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ৮৩৭ জন। এর মধ্যে ৫ হাজার ১০২ জন পোস্টাল ভোটার রয়েছেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ । ২:৩৪ অপরাহ্ণ