হুমায়ুন কবির, বানারীপাড়া উপজেলা প্রতিনিধি:
বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়ন বিএনপির দুই নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপজেলা শাখা বিএনপির পক্ষ থেকে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইলুহার ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিরাজ-কে প্রাথমিক সদস্য পদসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাকে একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হলেও আচরণে পরিবর্তন না আসায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল বহন করবে না বলেও জানানো হয়েছে। নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, একই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহাদাত হোসেন মেনন-এর প্রাথমিক সদস্য পদসহ সব দলীয় পদ স্থগিত করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ও নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের কারণে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
উপজেলা শাখা বিএনপির সভাপতি মোঃ শাহ আলম মিঞা এবং সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ সাংগঠনিক সিদ্ধান্ত নিশ্চিত করা হয়েছে।
উপজেলা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ । ৯:৪০ অপরাহ্ণ