বানারীপাড়ার বিশারকান্দি মানবকল্যাণ সোসাইটির ইফতার ও উপহার বিতরণ, শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তা প্রদান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২ মার্চ, ২০২৬ । ১০:৪৯ অপরাহ্ণ

হুমায়ুন কবির, বানারীপাড়া প্রতিনিধি:

মানবিক উদ্যোগের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বিশারকান্দি মানবকল্যাণ সোসাইটি। সোসাইটির পক্ষ থেকে ২ মার্চ ২০২৬ তারিখে দুই ধাপে অসহায় মানুষের মাঝে উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রথম দফায় সোসাইটির অফিসে বসে সরাসরি এবং দ্বিতীয় দফায় বিকেলে বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
ইফতার সামগ্রী বিতরণের আগে মানবিক সহায়তার অংশ হিসেবে নবম শ্রেণির শিক্ষার্থী মোসা: মিম আক্তার–এর নাকের অপারেশনের জন্য ২২ হাজার টাকা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মহিউদ্দিন, পল্লি চিকিৎসক সাহেব আলী, সোসাইটির সাধারণ সম্পাদক শাকিল, অর্থ সম্পাদক রিয়াজ, দপ্তর সম্পাদক রেজাউল, সদস্য রুবেলসহ অন্যান্য সদস্যরা।
সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক শফিউল জানান, বিশারকান্দি ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে ২৫ পরিবার, ৪ নম্বর ওয়ার্ডে ২৫ পরিবার, ৫ নম্বর ওয়ার্ডে ৫ পরিবার, ৬ নম্বর ওয়ার্ডে ১৩ পরিবার, ৭ নম্বর ওয়ার্ডে ১৫ পরিবার, ৮ নম্বর ওয়ার্ডে ১০ পরিবার এবং ৯ নম্বর ওয়ার্ডে ৫ পরিবার—মোট ৯৮ পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল ছোলা, মুড়ি, ট্যাং, চিনি, ভুষি, খেজুর ও চিড়া।
সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, বৈষম্য দূর করার লক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বী ৮টি অসহায় পরিবারকে বাজার সামগ্রী এবং ৯০টি মুসলিম পরিবারকে ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে।
সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য উপদেষ্টা কমিটির সদস্য জাহিদুল ইসলাম–এর ভূমিকা উল্লেখযোগ্য বলে জানান আয়োজকরা। পাশাপাশি সভাপতি মনির, প্রবাসী সদস্য সোহেল, মিজান, জাহিদ, নাসির, সুজন বিশ্বাস ও সবুজ–এর অবদানও প্রশংসিত হয়েছে।
এবারের ইফতার বিতরণ কার্যক্রমে বড় অনুদান দিয়েছেন উপদেষ্টা কমিটির সদস্য জাহিদ হাসান এবং ইয়াসিন ব্যাপারি।
সোসাইটি সূত্রে জানা গেছে, গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখে সমাজসেবা অধিদপ্তর–এর মাধ্যমে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার সমাজকল্যাণ মন্ত্রণালয় ও জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল থেকে সোসাইটির নিবন্ধন সম্পন্ন হয়েছে (রেজি নম্বর: বরি ২০০৪/২৬)।
এদিকে বটতলা বাজার–এর স্থানীয়রা জানান, সোসাইটির সদস্যরা বিশারকান্দি ইউনিয়নজুড়ে আলোর পথ ছড়িয়ে দিচ্ছেন এবং নিয়মিত উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছেন। তাদের কাজে এলাকাবাসী সন্তুষ্ট এবং ভবিষ্যতেও পাশে থেকে সহযোগিতা করতে আগ্রহী বলে জানিয়েছেন স্থানীয়রা।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন