বিশারকান্দিতে সেলিম মিঞার পক্ষ থেকে ইমামদের ঈদ সম্মানী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৬ মার্চ, ২০২৬ । ৬:৫০ অপরাহ্ণ

হুমায়ুন কবির, বানারীপাড়া প্রতিনিধি:

বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নের সকল মসজিদের সম্মানিত ইমামদের মাঝে ঈদ সম্মানী প্রদান ও মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় মূল্যবোধকে সমুন্নত রাখা এবং সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এ আয়োজন করা হয়।
বানারীপাড়া উপজেলা বিএনপির সদস্য ও বিশারকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব মোঃ সেলিম মিঞা-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌমহনা বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ আফজাল হোসেন। তিনি সভাপতির বক্তব্যে বলেন, ইমামরা সমাজের নৈতিক ও ধর্মীয় পথপ্রদর্শক। মানুষের মাঝে ইসলামের সঠিক শিক্ষা পৌঁছে দেওয়া এবং সমাজে ন্যায়-নীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাদের ভূমিকা অপরিসীম। তিনি এ ধরনের উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে আয়োজকদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের আয়োজক মোঃ সেলিম মিঞা তার বক্তব্যে বলেন, “ইমামরা সমাজের সম্মানিত ব্যক্তি এবং ধর্মীয় দিকনির্দেশনার মাধ্যমে মানুষকে সঠিক পথে পরিচালিত করেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাদের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে এই সামান্য আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও আমি ইউনিয়নের ইমাম ও আলেম সমাজের পাশে থাকার চেষ্টা করবো এবং ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখবো।”
তিনি আরও বলেন, “সমাজে শান্তি, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে আলেম-উলামাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সহযোগিতা ও দোয়া আমাদের জন্য সবসময় প্রয়োজন।”
এ সময় বিশারকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবুল কালাম তার বক্তব্যে বলেন, “ইমাম ও আলেম সমাজ আমাদের সমাজের পথপ্রদর্শক। তাদের সম্মান করা এবং তাদের পাশে থাকা আমাদের সকলের দায়িত্ব। আজকের এই আয়োজন একটি মহৎ উদ্যোগ, যা সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গনি মিয়া, স্থানীয় সমাজসেবক দুলাল ফকিরসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানের এক পর্যায়ে ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমামদের মাঝে ঈদ সম্মানী প্রদান করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং এলাকার সার্বিক উন্নতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। তার দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশ ও জনগণের কল্যাণে অবদান স্মরণ করে তার আত্মার মাগফেরাত এবং জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের জন্য সুস্থতা, ধৈর্য ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং এলাকার সার্বিক উন্নতি কামনায় মোনাজাত করা হয়। স্থানীয়রা জানান, এমন আয়োজন ইমামদের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি সমাজে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও ধর্মীয় মূল্যবোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন