হুমায়ুন কবির, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক প্রতিবন্ধী যুবককে ইট দিয়ে আঘাত করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাইশারী ইউনিয়নের পশ্চিম কচুয়া গ্রামের রফিক হাওলাদার ও তার ছেলে শান্ত হাওলাদার একই গ্রামের মৃত আব্দুস সোবাহানের প্রতিবন্ধী ছেলে হাসানকে বেধড়ক মারধর করে।
আহত হাসান জানান, ঘটনার দিন এশার নামাজের পূর্বে পশ্চিম কচুয়ার মিজানের দোকানের সামনে অবস্থানকালে হঠাৎ করেই শান্ত হাওলাদার তাকে মারধর শুরু করে। একপর্যায়ে শান্তর বাবা রফিক হাওলাদার বাড়ি থেকে বের হয়ে ছেলের সাথে যোগ দিয়ে তাকেও মারধর করতে থাকে। এ সময় শান্ত ইট দিয়ে হাসানের মাথা ও মুখমণ্ডলে আঘাত করে।
আঘাতে হাসান মাটিতে পড়ে গেলে বাবা-ছেলে মিলে তাকে কিল-ঘুষি ও লাথি মেরে মারাত্মকভাবে জখম করে। পরে তারা হুমকি-ধামকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়রা আহত হাসানকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ভর্তি করার পরামর্শ দেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে হাসানের মা অভিযোগ করে বলেন, এর আগেও অজ্ঞাত কারণে একই অভিযুক্তরা তার ছেলেকে মারধর করেছিল।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৩ মার্চ, ২০২৬ । ৯:৪৯ অপরাহ্ণ