বানারীপাড়ায় জুলাই শহীদ তাহিদুল ইসলামের কবর জিয়ারত, গণঅভ্যুত্থানের অর্জন কুক্ষীগত করার অপচেষ্টা ব্যর্থ হবে: রহমাতুল্লাহ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ । ৯:২০ অপরাহ্ণ

হুমায়ুন কবির, বানারীপাড়া প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় জুলাই শহীদ ছাত্রদল নেতা তাহিদুল ইসলামের কবর জিয়ারত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। এ সময় তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের সফলতাকে কুক্ষীগত করার অপচেষ্টাকারীরা দেশ ও গণতন্ত্রের শত্রু। যারা গণঅভ্যুত্থানের অর্জনকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চেয়েছিল, তারা কখনোই সফল হবে না।”
মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলার চাখার ইউনিয়নের বড়চাউলাকাঠী গ্রামের সন্তান ও জুলাই শহীদ ছাত্রদল নেতা তাহিদুল ইসলামের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
রহমাতুল্লাহ বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার আন্দোলন। দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ এ আন্দোলনে অংশ নিয়েছিল। কিন্তু গণঅভ্যুত্থানের সফলতার পর একটি মহল এ অর্জনকে কুক্ষীগত করে নিজেদের একক অবদান হিসেবে প্রচারের চেষ্টা চালায়।
তিনি আরও বলেন, ওই মহলের উদ্দেশ্য ছিল জনগণের ভোটে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা বাধাগ্রস্ত করা। তবে সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। যারা গণঅভ্যুত্থানের অর্জন ছিনিয়ে নিতে চেয়েছিল, তারাই এখন প্রতিষ্ঠিত গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত।
বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, ক্ষমতার লোভ থেকেই একটি মহল জুলাই গণঅভ্যুত্থানকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণেরও চেষ্টা করেছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, জুলাইয়ের ছাত্র-জনতার রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত সরকার শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারী এবং তাদের পরিবারের পাশে থাকার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। জুলাই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখা, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা।
কবর জিয়ারত শেষে রহমাতুল্লাহ শহীদ তাহিদুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন, তাদের খোঁজখবর নেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ আল মামুন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মাহমুদ হোসেন, জেলা ওলামা দলের সহ-সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিলম চৌধুরী, ছাত্রদল নেতা ওবায়দুল ইসলাম উজ্জ্বল, হাজিক দাঈয়ান ইশতী, জুলাই কন্যা লাবণ্য রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকার ফার্মগেট এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণকালে পুলিশের গুলিতে নিহত হন বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের বড়চাউলাকাঠী গ্রামের সন্তান ছাত্রদল নেতা তাহিদুল ইসলাম। তাঁর স্মরণে মঙ্গলবার কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন