সংখ্যালঘু পরিবারের পৈতৃক জমি জোরপূর্বক লিখে নেওয়ার অভিযোগ হুমায়ুন গাজীর বিরুদ্ধে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ । ৯:৫৯ অপরাহ্ণ

বানারীপাড়া প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নের তেতলা গ্রামে সংখ্যালঘু পরিবারের ২০ শতাংশ পৈতৃক সম্পত্তি জোরপূর্বক লিখে নিয়ে দখলের অভিযোগ উঠেছে স্থানীয় হুমায়ুন গাজীর বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের দাবি, ক্ষমতার প্রভাব খাটিয়ে ভয়ভীতি দেখিয়ে তাদের পৈতৃক ভিটা লিখে নেওয়া হয়েছে। বর্তমানে তারা ওই এলাকা ছেড়ে নেছারাবাদ উপজেলার মাদ্রা এলাকায় বসবাস করছেন বলে জানান।

ভুক্তভোগী নারায়ণ চন্দ্র সিকদারের (৭৭) মেয়ে অঞ্জনা সিকদার সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, তেতলা ও হারতা এলাকার সীমান্তবর্তী স্থানে তাদের পূর্বপুরুষের শেষ সম্বল ২০ শতাংশ পৈতৃক সম্পত্তি ছিল। তার অভিযোগ, হুমায়ুন গাজী ছলচাতুরীর আশ্রয় নিয়ে তার বাবা নারায়ণ চন্দ্র সিকদারের কাছ থেকে ওই সম্পত্তি লিখে নেন। তবে সম্পত্তির বিনিময়ে তাদের কোনো অর্থ দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।

অঞ্জনা সিকদারের অভিযোগ, সম্পত্তি লিখে নেওয়ার পর তাদের পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে এলাকা ছাড়তে বাধ্য করা হয়। পরবর্তীতে তারা সম্পত্তি ফেরত অথবা সম্পত্তির মূল্য দাবি করলে হুমায়ুন গাজী তাদের হুমকি দিয়ে আসছেন। এমনকি বর্তমানে তারা নেছারাবাদ উপজেলার মাদ্রা এলাকায় বসবাস করলেও সেখানেও গিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে অনেকের কাছে অভিযোগ করেও তারা কোনো প্রতিকার পাননি। বর্তমানে তারা তাদের পৈতৃক সম্পত্তি ফিরে পেতে চান। সম্পত্তি ফেরত দেওয়া সম্ভব না হলে ন্যায্য মূল্য পরিশোধের দাবি জানান তারা।

অঞ্জনা সিকদার বলেন, “আমরা হুমায়ুন গাজীর হাত থেকে মুক্তি চাই। আমাদের পৈতৃক সম্পত্তি ফেরত চাই, অথবা সম্পত্তির ন্যায্য মূল্য চাই।”

এদিকে স্থানীয়ভাবে হুমায়ুন গাজীর বিরুদ্ধে জমি দখল ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলেও দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।

অভিযোগের বিষয়ে হুমায়ুন গাজীর বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ভুক্তভোগী পরিবারটি বিষয়টি তদন্ত করে তাদের পৈতৃক সম্পত্তি উদ্ধারে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন