ক্রাইম রিপোর্টার:
ইসলামিক ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ বিভাগ ইসলামিক মিশন কার্যক্রমে প্রশাসনিক স্থবিরতা, পরিচালনাগত অদক্ষতা, ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের কেন্দ্রে রয়েছেন বিভাগটির বর্তমান পরিচালক (চলতি দায়িত্ব) ডা. শাহানা আফরোজ। তাঁর নিয়োগ, পদায়ন, জ্যেষ্ঠতা উপেক্ষা করে পরিচালকের দায়িত্ব পাওয়া, বদলি আদেশ অমান্য, শিক্ষাছুটি গ্রহণ এবং বদলি ও হজ মেডিকেল টিমে অন্তর্ভুক্তি নিয়ে নানা প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ।
১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের ইসলামিক মিশন বিভাগ দেশের ধর্মীয়, সামাজিক ও মানবিক সেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে এ বিভাগের অধীনে প্রায় ৫৯টি ইসলামিক মিশন, তিনটি হাসপাতাল এবং একটি পূর্ণাঙ্গ ডায়াগনস্টিক সেন্টার পরিচালিত হচ্ছে। এত বড় একটি কার্যক্রম একজন পরিচালকের নিয়ন্ত্রণে থাকলেও মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা, প্রশাসনিক সমন্বয় ও দিকনির্দেশনার ক্ষেত্রে ঘাটতি রয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
অভিযোগ রয়েছে, ডা. শাহানা আফরোজের প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে নিয়োগের ক্ষেত্রে তৎকালীন আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক ও পারিবারিক প্রভাব কাজ করেছিল। তৎকালীন ধর্ম প্রতিমন্ত্রী মাওলানা নুরুল ইসলামের পরিবারের সঙ্গে তাঁর আত্মীয়তার সম্পর্কের সূত্র ধরে প্রভাব খাটিয়ে মৌখিক পরীক্ষার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এ ক্ষেত্রে নিয়োগসংক্রান্ত রেজুলেশন, পরীক্ষার নম্বরপত্র ও সংশ্লিষ্ট নথি যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তাঁর চাকরিজীবনের বড় একটি সময় ঢাকায় কর্মরত থাকার বিষয়টিও আলোচনায় এসেছে। অভিযোগ অনুযায়ী, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি নিজের রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে বিএনপিপন্থী পরিচয় সামনে আনেন। অন্তর্বর্তী সরকারের সময় জ্যেষ্ঠতার বিধি উপেক্ষা করে ইসলামিক মিশন বিভাগের পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন।
সংশ্লিষ্টদের দাবি, জ্যেষ্ঠতার তালিকায় ১৫ জনের মধ্যে তাঁর অবস্থান ছিল ১৪তম। তাঁর চেয়ে বয়স, শিক্ষাগত যোগ্যতা ও চাকরির জ্যেষ্ঠতায় এগিয়ে থাকা একাধিক সিনিয়র মেডিকেল অফিসার থাকা সত্ত্বেও কী প্রক্রিয়ায় তাঁকে পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছিল, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এ বিষয়ে পদায়নসংক্রান্ত আদেশ, জ্যেষ্ঠতার তালিকা এবং সংশ্লিষ্ট বোর্ডের সিদ্ধান্ত পর্যালোচনার দাবি উঠেছে।
অভিযোগ রয়েছে, দায়িত্ব গ্রহণের পর প্রশাসনিক দক্ষতার ঘাটতি ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় অসংগতি দেখা দেওয়ায় বোর্ড অব গভর্ন্যান্সের সভায় তাঁকে তিরস্কার করা হয় এবং পরবর্তী সময়ে অন্য বিভাগে বদলি করা হয়। তবে এ সিদ্ধান্তের পূর্ণাঙ্গ নথি ও বাস্তবায়নের বিষয়টি যাচাই করা প্রয়োজন।
ডা. শাহানা আফরোজের বিরুদ্ধে বদলি আদেশ অমান্য করার একটি পুরোনো অভিযোগও রয়েছে। সংশ্লিষ্ট নথির বরাত দিয়ে জানা যায়, ৩০ এপ্রিল ২০১২ তারিখে তাঁকে যাকাত বোর্ড শিশু হাসপাতাল, টঙ্গী থেকে ইসলামিক মিশন, কালীগঞ্জে বদলি করা হয়েছিল। কিন্তু তিনি নির্ধারিত কর্মস্থলে যোগদান করেননি বলে অভিযোগ রয়েছে।
বিষয়টি স্থানীয় কার্যালয় থেকে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়কে জানানো হলে প্রশাসন বিভাগ তাঁর কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠায়। অভিযোগ অনুযায়ী, তিনি ওই নোটিশের জবাব দেননি। পরবর্তী সময়ে ২০১২ সালের জুন মাসে চাকরিবিধি অনুযায়ী দায়িত্বে অবহেলা, অসদাচরণ ও পলায়নের অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ফাইল প্রস্তুত ও স্বাক্ষর করা হয়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও সংশ্লিষ্ট ফাইলের পরবর্তী অগ্রগতি সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। কেন বিষয়টি নিষ্পত্তি হয়নি, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
পরবর্তী সময়ে ১৭ জুলাই ২০১২ তারিখে তাঁকে ইসলামিক মিশন ডায়াগনস্টিক সেন্টার, বায়তুল মোকাররম, ঢাকায় বদলি করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এ ক্ষেত্রে তাঁর চেয়ে জ্যেষ্ঠ একজন চক্ষু বিশেষজ্ঞকে সরিয়ে তাঁকে পদায়ন করার বিষয়টিও আলোচনায় এসেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এ পদায়নের প্রেক্ষাপটে তিনি ছুটির আবেদন করেন এবং কর্তৃপক্ষ পরবর্তী সময়ে তাঁর অনুকূলে ভূতাপেক্ষ অর্জিত ছুটি মঞ্জুর করে।
ডা. শাহানা আফরোজের বিরুদ্ধে সরকারি চাকরির নিয়ম যথাযথভাবে অনুসরণ না করে উচ্চশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের অভিযোগও রয়েছে।
অভিযোগ অনুযায়ী, ২০১০ সালের মার্চে অনুষ্ঠিত একটি উচ্চশিক্ষা কোর্সের পরীক্ষায় কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া অংশগ্রহণ করেন এবং এ কারণে দাপ্তরিক দায়িত্ব পালনে অনুপস্থিতি ও অফিস ফাঁকির ঘটনা ঘটে। বিষয়টি তৎকালীন সংশ্লিষ্ট ইসলামিক মিশন পরিচালক জানতে পেরে নিপসন কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
পরবর্তী সময়ে ২৩ আগস্ট ২০১০ তারিখে ইসলামিক মিশন বিভাগ থেকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামিক ফাউন্ডেশনের প্রশাসন বিভাগে একটি ইউ-নোট পাঠানো হয় বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, বিষয়টি জানার পর তিনি পেছনের তারিখ উল্লেখ করে ইসলামিক ফাউন্ডেশনের তৎকালীন মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজালের কাছে শিক্ষাছুটির আবেদন করেন। ওই আবেদনে তৎকালীন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আব্দুর রাজ্জাক সুপারিশ করেছিলেন বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ রয়েছে। আবেদনে মন্ত্রীর ব্যক্তিগত পরিচয়ের কথা উল্লেখ করে বিষয়টি বিবেচনার জন্য সুপারিশ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। পরবর্তী সময়ে তৎকালীন মহাপরিচালক ওই শিক্ষাছুটি মঞ্জুর করেন বলে জানা গেছে।
বর্তমানে ইসলামিক মিশন বিভাগে পরিচালকের দায়িত্ব পাওয়ার পর তাঁর বিরুদ্ধে বদলি বাণিজ্য এবং হজ মেডিকেল টিমে সদস্য অন্তর্ভুক্তির ক্ষেত্রে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টদের কেউ কেউ।
অভিযোগ রয়েছে, আর্থিক সুবিধার বিনিময়ে পছন্দের ব্যক্তিদের হজ মেডিকেল টিমে অন্তর্ভুক্ত করার সুযোগ দেওয়া হয়েছে। এমনকি অতীতে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কিছু ব্যক্তিকে তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগও উঠেছে।
এদিকে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশের অভিযোগ, পরিচালকের কাছ থেকে তাঁরা নিয়মিত প্রশাসনিক নির্দেশনা ও প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছেন না। ফলে ৫৯টি মিশন, তিনটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সমন্বয় করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন তাঁরা। পরিচালকের দাপ্তরিক ভূমিকা, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতা নিয়েও অসন্তোষ রয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।
ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের একাধিক সূত্রের দাবি, মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন দাপ্তরিক সমস্যা নিয়ে পরিচালকের সঙ্গে দেখা করতে গেলে তিনি তাঁদের কাজের বিষয়ে সহযোগিতার পরিবর্তে ভবিষ্যৎ পদোন্নতি ও রাজনৈতিক ক্ষমতার প্রসঙ্গ তুলে ধরেন। এমনকি পদোন্নতি নিশ্চিত করার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে দাপ্তরিক কাজে আপাতত মহাপরিচালকের কাছে না যাওয়ার কথাও বলেছেন বলে অভিযোগ রয়েছে।
কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, ভয়ভীতি প্রদর্শন এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের অভিযোগও উঠেছে। এসব কারণে বিভাগটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্টদের দাবি।
এসব অভিযোগের বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন এর সচিব সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এখানে নতুন যোগদান করেছি। অনেক বিষয়ই আমার জানা নেই। তাই এ বিষয়ে এখনই কোনো মতামত দিতে পারছি না।
অন্যদিকে ইসলামিক ফাউন্ডেশন এর মহাপরিচালক মুফতী মহিবুল্লাহ হিল বাকি এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এসব অভিযোগের ব্যাপারে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আমার হাতে সঠিক প্রমাণ এলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
তবে ডা. শাহানা আফরোজের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ । ১১:২১ অপরাহ্ণ