বানারীপাড়ায় উদয়কাঠির ডোবা থেকে মুদি ও বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার
হুমায়ুন কবির, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:
বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নে এক মুদি ও বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২২ মার্চ) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের বাড়ির উত্তর-পশ্চিম পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি মোঃ তৈয়ব আলী বাহাদুর (৪৫)। তিনি উপজেলার উদয়কাঠী বাজারের একজন পরিচিত মুদি ও বিকাশ ব্যবসায়ী। তার পিতার নাম মৃত আজাহার আলী বাহাদুর। তিনি মলুহার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২১ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে তৈয়ব আলী উদয়কাঠী বাজারের দোকান বন্ধ করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু রাত পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি শুরু করেন।
রোববার ভোরে তার মোবাইল ফোনের রিংটোন শুনে স্থানীয়রা মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের বাড়ির উত্তর-পশ্চিম পাশে রাস্তার কাছে পৌঁছান। সেখানে রাস্তার পাশের একটি ডোবায় তৈয়ব আলীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে বানারীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন