এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে বানারীপাড়ায় প্লাস্টিক কারখানায় অভিযান; বিপুল পরিমাণ পলিথিন ও কাঁচামাল জব্দ
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া উপজেলায় একটি অবৈধ প্লাস্টিক কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), বরিশাল কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক রাত ৮টার দিকে বানারীপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযানে কারখানা থেকে আনুমানিক ৭৬০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ ছাড়া প্রায় ৩ টন পলিথিন তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পলিথিনের বাজারমূল্য প্রায় ৮ লাখ ৫০ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।
অভিযান চলাকালে দীর্ঘদিন ধরে ওই কারখানায় নিষিদ্ধ ও অবৈধভাবে পলিথিনের উৎপাদন, মজুত ও ব্যবহার করা হচ্ছিল—এমন প্রমাণ পাওয়া যায়। কারখানা থেকে বিভিন্ন আকার ও ধরনের পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়। জব্দকৃত মোট ১২০ বস্তা পলিথিনের ওজন আনুমানিক ৭৬০ কেজি।
অভিযানকালে পলিথিন সংরক্ষণ ও ব্যবহারের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিরা কৌশলে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব না হলেও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জব্দকৃত নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল পরিবেশ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ে সংরক্ষণের জন্য পাঠানো হয়েছে। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন বলেন,
“পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, মজুত, পরিবহন ও ব্যবহার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”
মোবাইল কোর্ট পরিচালনা করেন বানারীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনীব। অভিযানে পরিবেশ অধিদপ্তর, উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।


আপনার মতামত লিখুন