শেষ হলো যুব সৃজনশীল সমাধান অনুসন্ধান কর্মশালা
মোঃ আল মাশরাফি:
জলবায়ু পরিবর্তন একদিকে যেমন মানুষকে অপূরণীয় ক্ষতির সম্মুখীন করছে, অন্যদিকে তৈরি করছে বিভিন্ন সামাজিক সংকট ও সংঘাত। এই প্রেক্ষাপটে শিক্ষার্থীদের শুধু ক্ষতিগ্রস্তদের তালিকায় না রেখে সমাধানদাতা ও ভবিষ্যতের জলবায়ুকর্মী হিসেবে গড়ে তুলতে ইয়ুথনেট গ্লোবাল ও পেস ই বেনে ননভায়োলেন্স সার্ভিস ঝালকাঠিতে শুরু করেছে ‘ইয়ুথ ক্লাইমেট অ্যাকশন ফর পিস’ উদ্যোগ।
উদ্যোগটির মাধ্যমে শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন ও সামাজিক সংঘাতের মধ্যে সম্পর্ক সম্পর্কে জানার পাশাপাশি এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সৃজনশীল ও শান্তিপূর্ণ সমাধান তৈরি করবে। পরবর্তীতে এসব সমাধান যুব শান্তি মেলায় উপস্থাপন করা হবে।
এরই ধারাবাহিকতায় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো উদ্যোগটির সর্বশেষ ‘যুব সৃজনশীল সমাধান অনুসন্ধান কর্মশালা’। কর্মশালায় বিদ্যালয়ের ইয়ুথ ক্লাইমেট ক্লাব-এর ৩০ জন উদ্যমী শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করে সেগুলোর সম্ভাব্য সৃজনশীল সমাধান তৈরির প্রক্রিয়ায় অংশ নেয়।
এসময় বাংলাদেশ থেকে ‘চেইঞ্জমেকার ইয়ুথ গ্রান্ট’ অ্যাওয়ার্ডী সাজিদ মাহামুদ বলেন, “আজকের এই কর্মশালার মাধ্যমে আমাদের উদ্যোগের দ্বিতীয় ধাপ শেষ হলো। ৫টি প্রতিষ্ঠানের ইয়ুথ ক্লাইমেট ক্লাব-এর সদস্যরা ইতোমধ্যে তাদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে জলবায়ু পরিবর্তনে সৃষ্ট সামাজিক সংঘাত মোকাবিলায় বিভিন্ন পথনাটক, দেয়ালিকা, মডেলসহ নানা ধরনের সমাধান তৈরি করতে শুরু করেছে।”
তিনি আরও বলেন, “আমরা ইতোমধ্যে বরিশাল বিভাগে প্রথম যুব শান্তি মেলা আয়োজনের প্রস্তুতি শুরু করেছি। যেখানে শিক্ষার্থী, প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে একটি বিশেষ সংযোগ তৈরি হবে।”
‘ইয়ুথ ক্লাইমেট অ্যাকশন ফর পিস’ উদ্যোগটি শুধু কিছু কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়, এর মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের জলবায়ু নেতৃত্বের জন্য প্রস্তুত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন